চোরাচালানে আনা ১০০ মোবাইলসহ ৩ জন গ্রেপ্তার
ঠিক কবে থেকে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে মোবাইল ফোন এনে দেশে বিক্রি করেন তারা সেই তথ্য এবার পুলিশ বের করবে। তাদের হাতে ১০০টি চোরাচালানকৃত মোবাইল নিয়ে ধরা পড়েছেন তিনজন। ঘটনা সিলেটের। এই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
কিন্তু খবরের মধ্যে আরেক খবর হলো, যে তিনজনকে ধরা হয়েছে তাদের মধ্যে একজন জাফর সাদেক জয় (২২) সিলেটের জৈন্তপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর ছেলে। পুলিশ মামলার যে এজাহার করেছে তাতে লেখা আছে, ভারত থেকে অবৈধ পথে মোবাইল ফোন নিয়ে আসতে এই লিয়াকত আলী সহযোগিতা করেন।
গত বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে সিলেট সদরের পীরের বাজার এলাকা থেকে ব্যক্তিগত গাড়ি চোরাচালানে আনা মোবাইল ফোনসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন শুক্রবার পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। এর পর এদিন আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়।
জানা যায়, আটক করা ১০০টি মোবাইল ফোনের দাম সাড়ে ১২ লাখ টাকা।
মামলাটিতে গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন মো. আক্তার হোসেন (২২) ও মো. লিমন মিয়া (২৮)। আক্তার জৈন্তাপুরের ও লিমন ফেঞ্চুগঞ্জের বাসিন্দা। মামলায় উল্লেখিত চতুর্থজন পলাতক আছেন।