চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আসছে
করোনাভাইরাস সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা হিসেবে মেডিকেল সামগ্রী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেডিকেল সামগ্রীগুলো দেশটির বিমানবন্দর থেকে ঢাকার পথে রয়েছে। গতকাল শনিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এক টুইট বার্তায় এ তথ্য জানান।
এদিকে বাংলাদেশসহ এশিয়া, উত্তর ও ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলো এ মাসেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভ্যাকসিন পাবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। গত বৃহস্পতিবার এক ঘোষণায় হোয়াইট হাউজ জানায় অন্তত আট কোটি ডোজ ভ্যাকসিন জুন মাসে তারা বিভিন্ন দেশকে সরবরাহ করবে যার প্রথম ধাপে আড়াই কোটি ডোজ ভ্যাকসিন বণ্টনের পরিকল্পনা রয়েছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ নিয়ে টুইট করেছেন। গত শুক্রবার ওই ঘোষণা সংক্রান্ত হোয়াইট হাউজের একটি লিংক শেয়ার করে মিলার লেখেন, হোয়াইট হাউস ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে করোনাভাইরসের ভ্যাকসিন সরবরাহ করবে। এই ভ্যাকসিন বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মানুষের দেওয়া উপহার বলেও মন্তব্য করেন মিলার। এছাড়া সংকট শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথেই থাকবে বলে জানান রাষ্ট্রদূত।