চলতি মাসে ডেঙ্গু বেড়েছে ৭ গুণ: স্বাস্থ্য অধিদফতর
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৭ গুণের বেশি। জুন মাসে ৫ হাজার ৭৫ জন ছিল ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা, চলতিই মাসে এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৯ জন।
২৯ জুলাই রোববার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে একথা জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মো: শাহাদাত হোসেন।
তিনি জানান, জুন মাসের তুলনায় জুলাই মাসে ৭ গুণেরও বেশি রোগী বৃদ্ধি পেয়েছে। মোট রোগীদের মধ্যে ৬৪ শতাংশ পুরুষের সংখ্যা এবং ৩৬ শতাংশ নারীর সংখ্যা। এরমধ্যে বেশি আক্রান্ত হচ্ছে মধ্যবয়সীরা।
তিনি আরো বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে দেখা যায়, ঢাকায় শিশুদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি।’
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু সংক্রমণের হার কমাতে সিটি কর্পোরেশনের মশা নিধন কর্মসূচি আরো জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।