চকবাজারে আগুনে পোড়া ভবন থেকে ৬ লাশ উদ্ধার
পুরান ঢাকার লালবাগের চকবাজারে পলিথিন কারখানার আগুনে পোড়া ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। মৃত ওই ছয় জনই আগুন লাগা চারতলা ভবনটির নিচতলার হোটেলের কর্মী বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মনিরুজ্জামান বলেছেন, ‘‘মৃতরা সবাই ডিউটি শেষে ঘুমিয়েছিলেন। বাইরে থেকে সাটার বন্ধ ছিল।’’
মৃত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ওসমান, বিল্লা, শরীফ, স্বপন। বাকি দুই জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আগুনে পোড়া মরদেহ দেখে চেনা যাচ্ছে না।
চকবাজারের এই পলিথিন কারখানায় আগুন লাগার পর তা সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর ১২টার দিকে কামালবাগের দেবীদ্বার ঘাট এলাকার ওই পলিথিন কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, প্রথমে ছয়টি এবং পরে আরও চারটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। এর পর দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, প্রথমে চারতলা ভবনটিতে আগুন লাগে। এই ভবনের নিচতলায় একটি খাবারের হোটেল আছে। আর ওপরে প্লাস্টিকের খেলনা ও পলিথিনের কারখানা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তাদের ধারণা, খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই অগ্নিকাণ্ডে কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কী পুড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।