শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চিরদিনের জন্য সিগারেট নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

অনলাইন নিউজ পোর্টাল • 09 ডিসেম্বর 2021, 02:45 দুপুর • 282 বার পঠিত
চিরদিনের জন্য সিগারেট নিষিদ্ধ করছে নিউজিল্যান্ড

বিশ্বে তামাক শিল্পের ওপর কঠোর আদেশ আরোপকারী দেশ নিউজিল্যান্ডে তরুণদের সিগারেট কেনা আজীবনের জন্য নিষিদ্ধের পরিকল্পনা চলছে। তামাক নির্মূলের অন্যান্য পদক্ষেপ দীর্ঘ সময়সাপেক্ষ হওয়ায় তরুণদের সিগারেট কেনা নিষিদ্ধের এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
৫০ লাখ মানুষের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে তরুণদের সিগারেট নিষিদ্ধের পরিকল্পনার প্রস্তাবনা বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৭ সাল থেকে ১৪ বছর বা তার কম বয়সীরা কোনোভাবেই সিগারেট কেনার অনুমতি পাবেন না। এছাড়া দেশটিতে তামাক বিক্রির অনুমোদিত খুচরা বিক্রেতার সংখ্যা হ্রাস এবং সব ধরনের তামাক পণ্যে নিকোটিনের মাত্রা কমানো হবে।
নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা এটি নিশ্চিত করতে চাই যে, তরুণরা কখনোই ধূমপান শুরু করবে না। আমরা তরুণদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি অথবা সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করবো।’
‘যদি কোনো কিছুই পরিবর্তন না হয়, তারপরও মাওরিদের ধূমপানের হার ৫ শতাংশের নিচে নামিয়ে আনতে কয়েক দশক লাগবে এবং বর্তমান সরকার জনগণকে পিছিয়ে ফেলতে প্রস্তুত নয়।’
দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে নিউজিল্যান্ডে যাদের বয়স ১৫ বছরের ঊর্ধ্বে, তাদের প্রায় ১১ দশমিক ৬ শতাংশই ধূমপায়ী। তবে মাওরি জনগোষ্ঠীর প্রাপ্তবয়স্কদের মধ্যে এই হার ২৯ শতাংশ।