শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চিলিং সেন্টার স্থাপনে উদ্যোগ, দুধ বিপণনে সুবিধা পাবেন খামারিরা

মোহাম্মদ খাইরুল আমিন • 05 জুলাই 2025, 09:31 রাত • 327 বার পঠিত
চিলিং সেন্টার স্থাপনে উদ্যোগ, দুধ বিপণনে সুবিধা পাবেন খামারিরা

প্রাণিসম্পদ ও ডেইরি খাতের টেকসই উন্নয়নে দুধের ন্যায্য মূল্য নির্ধারণে একটি জাতীয় নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, “খামারিরা অত্যন্ত পরিশ্রম করে গরু পালন করছেন, অথচ একদিকে ন্যায্য দাম পাচ্ছেন না, অন্যদিকে গবাদিপশুর খাদ্যের মূল্যও বৃদ্ধি পেয়েছে।” এসব সমস্যার টেকসই সমাধানে দুধের ন্যায্য মূল্য নির্ধারণ ও খরচ কমানোর জন্য কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (৫ জুলাই) বিকালে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) পোতাজিয়া ডেইরি পিজিতে ক্ষুদ্র খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের একক জেলা হিসেবে সিরাজগঞ্জে যে পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ জেলার খামারিদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে।

তিনি বলেন, “সিরাজগঞ্জে দুধ সংগ্রহকেন্দ্র (চিলিং সেন্টার) স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে এই অঞ্চলের খামারিরা সহজে দুধ সংরক্ষণ ও বিপণনের সুবিধা পান।”

খামারিদের খাদ্য ব্যয়ের চাপ কমাতে গবাদিপশুর জন্য ঘাসভিত্তিক খাদ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ঘাসের চাষ বাড়ালে খামারিদের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

এ সময় তিনি গরুর খুরা রোগ প্রতিরোধে নেওয়া উদ্যোগের কথাও উল্লেখ করেন। তিনি জানান, দেশের চারটি জেলার মতো সিরাজগঞ্জেও এখন খুরা রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালু হয়েছে। এর ফলে খামারিরা এ রোগজনিত ক্ষতি থেকে রক্ষা পাবেন এবং উৎপাদন বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, পরিচালক বেগম শামসুন্নাহার আহমদ এবং এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন।

খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. আব্দুল খালেক ফকির, মো. আব্দুল মতিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ এবং ফারজানা মিমি। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. কে. এম আনোয়ারুল হক।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের খামারি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।