চিকিৎসকদের গবেষণায় সময় দিতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোগীর চিকিৎসার পাশাপাশি দেশের স্বনামধন্য চিকিৎসকদের গবেষণায় কিছুটা সময় দিতে আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানে গবেষণা অনিবার্য হওয়ায় চিকিৎসা প্রদানের পাশাপাশি গবেষণা পরিচালনার জন্য আমরা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করছি।
রোববার সকালে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট হার্ট, কিডনি ও ক্যান্সার চিকিৎসার সমন্বিত ইউনিট স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি বলেন, ৮টি বিভাগে ৮টি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। সেখানে পোস্ট গ্রাজুয়েশনের পাশপাশি গবেষণায়ও আপনারা মনোযোগী হবেন। এর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করবো।
প্রধানমন্ত্রী আরো বলেন, এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো সেখানে চিকিৎসা সেবা দেওয়ার সঙ্গে সঙ্গে গবেষণা করা। স্বাস্থ্য বিজ্ঞানের গবেষণা আমাদের জন্য একান্তভাবে অপরিহার্য।
শেখ হাসিনা বলেন, অনেকে ভালো গবেষণা করে যাচ্ছেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে যারা ভালো ও নামি-দামি চিকিৎসক হয়ে যান, তারা তো চিকিৎসা সেবা দিতেই ব্যস্ত থাকেন! তারা যদি কিছুটা সময় ব্যয় করে গবেষণার দিকে নজর দেন, তাহলে আমাদের পরিবেশ, আবহাওয়া, জলবায়ু সবকিছু মিলিয়ে এ দেশের মানুষের কী কী ধরনের রোগ দেখা দেয় এবং এর প্রতিরোধ শক্তিটা কিভাবে বাড়ানো যায়, সেটার ব্যবস্থা নেয়া যায়।
দেশে ক্যান্সার চিকিৎসায় বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন শুরু হয়েছে উল্লেখ করে এটিকে আরো এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার কথা চিন্তা করেই আমাদের এ ব্যবস্থাটা নিতে হবে।
প্রধানমন্ত্রী জানান, আমাদের দেশে ক্যান্সার, কিডনি এবং হার্টের রোগের প্রাদুর্ভাব একটু বেশি দেখা যাচ্ছে। এক্ষেত্রে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানান। খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব বিষয়ে সবাইকে একটু সচেতন হওয়ার পরামর্শ দেন।