ছিনতাইয়ের অভিযোগ: উত্তরায় দুজনকে ঝুলানো হল ওভারব্রিজে
রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর পায়ে দড়ি বেঁধে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। আহত ব্যক্তিরা হলেন মো. নাজিম (৪০) ও মো. বকুল (৩০) ।
মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে জানান, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির পায়ে দড়ি বাঁধা অবস্থায় কয়েকজন তাঁকে ওপরে তুলছে। এরপর হলুদ টি-শার্ট পরা এক যুবক তাঁকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধেন। আরও কয়েকজন এতে সহায়তা করেন।
এ ঘটনায় কারা জড়িত এবং ভুক্তভোগীরা আসলে ছিনতাইকারী কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।