ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানালেন ফখরুল
ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ছাত্রদলের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মির্জা ফখরুল অভিযোগ এনে বলেন, ‘‘আজ সকালে ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় এবং ভয়াবহভাবে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর আক্রমণ করে।’’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘‘যারা বিনা উসকানিতে হামলা করেছে, আহত করেছে, তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’
গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা ছিল। আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে সভার নানা সিদ্ধান্তের কথা জানান ফখরুল। ওই সংবাদ সম্মেলনেই ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ছাত্রদলের অভিযোগ, তাদের ওপর হামলা করা হয়েছে। তারা জানিয়েছে, এই ঘটনায় তাদের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
গত রোববার টিএসসিতে কয়েকজন ছাত্রদল নেতা-কর্মীর ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। সেটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের প্রতিক্রিয়া। আজ সকাল সাড়ে দশটায় সেই বক্তব্যের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল ছাত্রদলের। সেখানেই যাচ্ছিল তারা। পথে হয় সংঘর্ষ।