শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চেনা ভিড় নেই গাবতলীতে

মোহাম্মদ খাইরুল আমিন • 30 এপ্রিল 2022, 02:20 দুপুর • 227 বার পঠিত
চেনা ভিড় নেই গাবতলীতে

প্রতিবার ঈদের আগে গাবতলী বাস কাউন্টার এবং এই এলাকায় থাকে ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড়। কাউন্টারগুলোতে ঠেলাঠেলি, হুড়োহুড়ি, ধস্তাধস্তি একটা টিকিটের জন্য। এগুলো চেনা দৃশ্য ছিল। কিন্তু এবারের ঈদে এসব চিত্র উধাও। গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীদের চাপও যেমন কম, শেষ সময়েও টিকিট পাওয়া যাচ্ছে। 

কাউন্টারগুলোতে যারা অপেক্ষমান তারা অগ্রিম টিকেটের যাত্রী বেশি। তবে নিয়মিত দিনকালের মতো কেউ এসে তাৎক্ষণিকভাবে টিকিট কেটে ঘরে ফিরতে পারছেন। তবে এক্ষেত্রে টাকা দিতে হচ্ছে বেশি। সরকারের পক্ষ থেকে বারবার হুশিয়ারি দেওয়া হয়েছে, জরিমানাও গুনেছে বেশ কিছু কাউন্টার। তারপরও অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা কাউন্টারগুলোতে আছে। 

কাউন্টারগুলোতে খোঁজ নিয়ে দেখো গেল টিকিট মাস্টাররা বেশ হালকাচালে আছেন। তাদের কাছ থেকেই জানা যায়, ‘এবার চাপ নেই।’ সকালে তাও একটু চাপের মতো ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে তাও নেই। গল্পগুজব করেই তাদের সময় কাটছে। 

ঈদের সময় রোজকার মতো হাকডাক করে যাত্রী আনতে হয় না। যাত্রী ধরে আনার কালচার এই সময়ে থাকে না। এমনিতেই থাকে যাত্রীর ভিড়। কিন্তু এবার এই ঈদের সময়ও কাউন্টারের নির্দিষ্ট মানুষগুলোকে যাত্রীকে ডেকে নিয়ে আসতে হচ্ছে। তবে এত যাত্রী যেহেতু নেই। তাই হাকডাকেও কাজ হচ্ছিল না। 

যাত্রী যারা অগ্রিম টিকিট কাটেননি তাদের একটাই অভিযোগ। আর তা হলো অতিরিক্ত ভাড়া আদায়। ৯০০ টাকার টিকিট ১২০০ টাকা চাওয়া হচ্ছে। তাই এক কাউন্টার থেকে যাত্রীকে আরো কমে যেতে আরেক কাউন্টারে ছুটতে হচ্ছে। তবে এবারের সবচেয়ে স্বস্তির ব্যাপার হলো, ঈদে বাড়ি যাওয়ার টিকিট কাউন্টারে গেলেই পাওয়া যাচ্ছে।