চীনের টিকা আসছে ১২ মে’র আগে: পররাষ্ট্রমন্ত্রী
চীনের তৈরি করোনাভাইরাসের টিকা চলতি মাসের ১২ তারিখের আগেই দেশে আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে কাজ শুরু করেছে চীন সরকার। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন, টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার আনুষ্ঠানিক নাম বিবিআইবিপি-সিওরভি (BBIBP-CorV)। এ টিকাও ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ করে নিতে হয়। পরীক্ষামূলক প্রয়োগে এ টিকা ৭৯ দশমিক ৩৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে বলে উৎপাদনকারীদের দাবি।
প্রতিবেশী দেশ ভারতে পাঠানো মানবিক সাহায্যের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের যেসব প্রদেশ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে, আমরা তাদের কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে বলেছি। অনুমতি পেলে সহযোগিতা করব।
তিনি বলেন, পর্যায়ক্রমে অন্যান্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে এবং প্রয়োজনে দিল্লিকে আরো সহায়তা দিতে আগ্রহী ঢাকা। ভারত যে চাহিদাপত্র দিয়েছে, তা নিয়েও কাজ করছে ঢাকা।