শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের শীর্ষ ২০ ব্যবসায়িক প্রতিষ্ঠান সামরিক বাহিনীর মালিকানাধীন

অনলাইন নিউজ পোর্টাল • 25 জুন 2020, 12:57 দুপুর • 61 বার পঠিত
চীনের শীর্ষ ২০ ব্যবসায়িক প্রতিষ্ঠান সামরিক বাহিনীর মালিকানাধীন

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে চীনের টেক জায়ান্ট হুয়াওয়েসহ দেশটির শীর্ষ ২০ ব্যবসায়িক প্রতিষ্ঠানই সামরিক বাহিনীর মালিকানাধীন কিংবা সমর্থনপুষ্ট বলে।

এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন গণমাধ্যমে কোম্পানিগুলোর তালিকা প্রকাশিত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত যে, এগুলোর পরিচালনার পেছনে রয়েছে চীনা সামরিক বাহিনী। তালিকায় প্রকাশিত ২০ কোম্পানির মধ্যে রয়েছে ভিডিও নজরদারির প্রতিষ্ঠান হিকভিশন, চায়না টেলিকম, চায়না মোবাইল এবং এভিআইসি। 

জানা গেছে, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কীভাবে স্পর্শকাতর প্রযুক্তি দেশটির সামরিক বাহিনীর কাছে পাচার করছে তা মার্কিন কংগ্রেশনাল কমিটি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চীনা ব্যবসায়ে মার্কিন অংশীদারদের জানানোর জন্যই এই তালিকা প্রকাশ করা হয়।

হোয়াইট হাউস এরইমধ্যে হুয়াওয়ে এবং অন্য চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে কোন মার্কিন কোম্পানি হুয়াওয়ের কাছে নির্দিষ্ট কিছু প্রযুক্তি সরকারি অনুমতি ছাড়া বিক্রি করতে পারবে না। 

মার্কিন আইন অনুযায়ী, চীনের পিপলস লিবারেশন আর্মির 'মালিকানাধীন বা নিয়ন্ত্রিত' প্রতিষ্ঠান যারা যুক্তরাষ্ট্রে কর্মরত আছে তাদের খুঁজে বের করার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। চীনা প্রতিষ্ঠানগুলোর এই তালিকা প্রকাশের জন্য সাম্প্রতিক মাসগুলোতে ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতাদের পক্ষ থেকে পেন্টাগনের ওপর চাপ বাড়ছিল।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে হুয়াওয়ের বিরুদ্ধে চীন সরকারের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। কিন্তু চীন এবং হুয়াওয়ে বরাবর এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। কিছু পশ্চিমা দেশ হুয়াওয়ের সরঞ্জামাদি তাদের দেশের টেলিকম নেটওয়ার্কে ব্যবহার নিষিদ্ধ করেছে, এর কারণ হিসেবে তারা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা বলছে।