চীনের ব্যর্থতায় করোনা দ্রুত ছড়িয়ে পড়ে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
চীন সহযোগিতামূলক পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কারণেই করোনাভাইরাস ব্যবস্থাপনার শুরুর দিকে মহামারিটি বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, চীনের ব্যর্থতায় করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমার মনে হয়, চীন এটা জানে যে তারা শুরুর পর্যায়ে যা করা দরকার ছিল, সে ব্যাপারে সঠিক পদক্ষেপটি নেয়নি। ওই ব্যর্থতার ফলেই করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তা না হলে আমার ধারণা এতটা বাজে অবস্থায় পড়তে হতো না। তা ছাড়া আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকেও ঠিক সময়ে ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি এবং তথ্যও দেয়া হয়নি।
তবে যুক্তরাষ্ট্রের এসব মতামতকে অগ্রাহ্য করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বলে আসছে, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করার বক্তব্য অসঙ্গত।