চীনে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ
চীনে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে। এতে দেশটিতে নতুন করে ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে দুইমাসের মধ্যে একদিনে করোনায় আক্রান্তের দিক দিয়ে এটি রেকর্ড। এমন পরিস্থিতিতে দেশটিতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয়ভাবে ৩৮ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। আর আক্রান্তদের মধ্যে ৩৬ জন রাজধানী বেইজিংয়ের। ৮ সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার বেইজিংয়ে ৭ জনের করোনা শনাক্ত হয়। বাকি ১৯ জন বিদেশ থেকে আসা ভ্রমণকারী। যার বেশিরভাগ দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডু শহরের।
বেইজিংয়ে সাম্প্রতিক দিনগুলোতে যাদের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে তাদের মধ্যে প্রায়ই জিনফাদি বাজারে কাজ করেছেন বা শপিং করেছেন। এই বাজারটি শহরের দক্ষিণে পাইকারি বাজার হিসেবে পরিচিত, সেখানে সামুদ্রিক খাবার, ফলমূল, মাংস ও শাকসবজি বিক্রি করা হয়।
হারবিন ও দালিয়ানসহ অন্তত ১০ টি শহরের বাসিন্দাদের বাড়িতে থাকতে বলা হয়েছে। এ ছাড়া এসব বাসিন্দাদের বেইজিংয়ে ভ্রমণ না করার জন্য আহ্বান করা হয়েছে।
চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ১৩২ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।