শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন তার প্রতিবেশী ছোট দেশগুলোকে ভয় দেখাবে না: শি জিনপিং

অনলাইন নিউজ পোর্টাল • 23 নভেম্বর 2021, 05:03 বিকাল • 277 বার পঠিত
চীন তার প্রতিবেশী ছোট দেশগুলোকে ভয় দেখাবে না: শি জিনপিং

ভার্চুয়াল এক শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আসিয়ান নেতাদের আশ্বস্ত করে বলেছেন, চীন তার প্রতিবেশী ছোট দেশগুলোকে ভয় দেখাবে না। চীন-আসিয়ান সম্পর্কের ৩০ বছর পূর্তিতে সোমবার ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের সংস্থা আসিয়ান৷ এর সদস্য ফিলিপাইনস, ভিয়েতনাম, ব্রুনাই ও মালয়েশিয়ার সঙ্গে দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের বিবাদ রয়েছে। আসিয়ানের অন্য সদস্যরাষ্ট্রগুলো হচ্ছে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

গত বৃহস্পতিবার চীনের কোস্ট গার্ডের তিনটি জাহাজ ফিলিপাইন্সের দুটি নৌকার পথ রোধ করে ও তাদের দিকে অনেক জোরে পানি ছুড়ে মারে। ফিলিপাইন্সের নৌকা দুটি দক্ষিণ চীন সাগরের এক বালুচরে থাকা তাদের সেনাদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে যাচ্ছিল। কিন্তু চীনের বাধার কারণে তাদের ফিরে যেতে হয়। শুক্রবার যুক্তরাষ্ট্র এই ঘটনাকে ‘বিপজ্জনক, উসকানিমূলক ও অযৌক্তিক' বলে আখ্যায়িত করেছিল। ফিলিপাইন্সের নৌকায় সশস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তিকে সক্রিয় করবে বলেও সতর্ক করে দেয়া হয়েছে।

সোমবার শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট বলেন, চীন কখনই ছোট দেশগুলোর ওপর আধিপত্য বিস্তার করতে চাইবে না। ‘চীন সবসময় আসিয়ানের ভালো বন্ধু, প্রতিবেশী ও অংশীদার ছিল, আছে এবং থাকবে,' বলেন তিনি।