শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন ও ইরানের মধ্যে ‘কৌশলগত সহযোগিতার’ চুক্তি চূড়ান্ত

অনলাইন নিউজ পোর্টাল • 16 জুলাই 2020, 01:04 দুপুর • 247 বার পঠিত
চীন ও ইরানের মধ্যে ‘কৌশলগত সহযোগিতার’ চুক্তি চূড়ান্ত

চলতি বছরে একইসঙ্গে দুই সম্মুখ যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। একদিকে চীন, আর অন্যদিকে ছিল ইরান। বাণিজ্যযুদ্ধের নামে যেমন চীনকে একঘরে করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, তেমনি কাশেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে ইরানকেও কোণঠাসা করার প্রকল্প ছিল ট্রাম্পের। তবে এখন সেই চীন ও ইরানে হাত মেলাচ্ছে। যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে চীন ও ইরান তাদের মধ্যে ২৫ বছরের একটি ‘কৌশলগত সহযোগিতার’ চুক্তি নিয়ে বোঝাপড়া চূড়ান্ত করে ফেলেছে বলে জানা গেছে।

এই চুক্তি অনুযায়ী, ইরানে জ্বালানি, বন্দর, সামরিক, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে এই প্রায় ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীন। এর বদলে চীন কম বিনিময় মূল্যে ২৫ বছর ধরে তেল ও গ্যাসের পর্যাপ্ত সরবরাহ পেতে থাকবে।

এই চুক্তিসংক্রান্ত ১৮ পৃষ্ঠার একটি নথি ইন্টারনেটের দুনিয়ায় ফাঁস হয়ে গেছে। তাতে দেখা গেছে, অর্থ বিনিয়োগেরে কারণে চীন বাজার মূল্যের চেয়ে অনেক কম মূল্যে তেল-গ্যাস পাবে এবং চীনা মুদ্রায় দেয়া সেই দাম পরিশোধ করতে পারবে। এছাড়া সামরিক ও নিরাপত্তার ক্ষেত্রে ‘যৌথ প্রশিক্ষণ, মহড়া, গবেষণা, যুদ্ধাস্ত্র তৈরি ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের’ কথা রয়েছে। ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এই খসড়া চুক্তির প্রস্তাবে এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি সম্মতি জানিয়েছেন। এখন চুক্তিটি অনুমোদনের জন্য ইরানের পার্লামেন্টে তোলা হবে। সেখানে অনুমোদন পেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে। তবে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী  এই চুক্তির খসড়া তৈরির বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এ নিয়ে চীনের সঙ্গে আলোচনা চলছে।

অন্যদিকে চীনের এ ব্যাপারে কিছুটা রাখঢাক আছে। গত সপ্তাহে চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ঝাও লিজিয়ানকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। চুক্তির ব্যাপারে সরাসরি কিছু বলেননি ঝাও। তিনি বলেছেন, চীন ও ইরানের মধ্যে ঐতিহ্যগতভাবে মৈত্রী সম্পর্ক রয়েছে এবং দুই পক্ষ এখন পরস্পরের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির জন্য যোগাযোগ চালাচ্ছে। চুক্তির গুঞ্জনকে উসকে দিয়ে ঝাও আরো বলেন, বাস্তব সহযোগিতার দিকটি ক্রমান্বয়ে উন্নত করতে আমরা ইরানের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি।

সম্প্রতি পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশ্লেষকরা বলছেন, চীন ও ইরানের এই চুক্তি মধ্যপ্রাচ্য তথা এশিয়ার বিরাট একটি অংশের ভূ-রাজনৈতিক চালচিত্র বদলে দেবে। শুরু হবে এক নতুন বিশ্বব্যবস্থার যাত্রা। কারণ, যুক্তরাষ্ট্র এত দিন মনে করত, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতকে হাতে রাখার মাধ্যমে আরব বিশ্বে ছড়ি ঘোরানো সহজ হবে। এ ক্ষেত্রে সত্যিকারের প্রতিদ্বন্দ্বীর অভাবও ছিল। কিন্তু চীন-ইরান বন্ধুত্ব হলে মধ্যপ্রাচ্যে এক নতুন বিশ্বশক্তির পা পড়বে। এতে অর্থনৈতিক ও বাণিজ্য খাতের পাশাপাশি সামরিক বিষয়েও চীনের প্রভাব বাড়বে। ইরানের বন্দরগুলোতে যদি চীনা প্রভাব বৃদ্ধি পায়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে।