শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

চীন ‘কৃত্রিম সূর্য’ দিয়ে তাপমাত্রা উৎপন্ন করে রেকর্ড গড়ল

অনলাইন নিউজ পোর্টাল • 29 মে 2021, 06:29 বিকাল • 821 বার পঠিত
চীন ‘কৃত্রিম সূর্য’ দিয়ে তাপমাত্রা উৎপন্ন করে রেকর্ড গড়ল

চীনের তৈরি ‘কৃত্রিম সূর্য’ থেকে ১২ কোটি ডিগ্রি সেলসিয়াস প্লাজমা তাপমাত্রা অর্জিত হয়েছে। ১০১ সেকেন্ড পর্যন্ত স্থায়ী এই তাপমাত্রা অর্জন করার মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে এ সূর্যটি।

২৮ মে ইনস্টিটিউট অব প্লাজমা ফিজিক্স অব দ্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (এএসআইপিপি) গবেষক গং জিয়ানজু এসব তথ্য জানান। তিনি জানান, পরীক্ষামূলক এডভান্সড সুপারকন্ডাক্টিং টোকামাক (ইস্ট) এর পরীক্ষায় এ তাপমাত্রা পাওয়া গেছে। এমনকি ২০ সেকেন্ডের জন্য ১৬ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপও উঠেছিল।

ইস্টকে বলা হচ্ছে চীনা ‘কৃত্রিম সূর্য’। এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সূর্যের মতোই নিউক্লিয়ার ফিউশন তৈরি করা যা ক্লিন এনার্জির অন্যতম উৎস হবে। এ পরীক্ষায় অন্তত ৩০০ বিজ্ঞানী ও প্রকৌশলী অংশ নেন।

এএসআইপিপি এর পরিচালক গান ইউন্টাও জানান, চীনের পদার্থবিজ্ঞান এবং প্রকৌশল ক্ষেত্রে এটি একটি বিশাল অর্জন। পরীক্ষার সাফল্য চীনকে তার নিজস্ব পারমাণবিক ফিউশন শক্তি কেন্দ্র তৈরি করার ভিত্তি দেবে।

২০০৬ সালে চীন পারমাণবিক ফিউশন চুল্লির কাজ শুরু করেছিল। ২০১৮ সালের নভেম্বরে ইস্ট ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস প্লাজমা তাপমাত্রা তৈরি করে। ২০২০ সালে সেই তাপমাত্রা ২০ সেকেন্ডের জন্য স্থায়ী হয়।

কৃত্রিম এ সূর্যের মাধ্যমে ভবিষ্যতে চীনের জ্বালানি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।