চারদিন পর করোনায় একজনের মৃত্যু
টানা চারদিন দেশে করোনাভাইরাসের কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চারদিন পর মৃত্যুর সংবাদ মিলল। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। আগের ২৪ ঘণ্টার তুলনায় শনাক্তের হার কিছুটা বেড়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৭ মার্চ সকাল ৮টা থেকে ২৮ মার্চ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ২৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ছিল না। এদিন এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬১ থেকে ৭৯ এর মধ্যে। তিনি সিলেট বিভাগের। তার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার সকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নয় হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৮৩ শতাংশ।
নতুনদের নিয়ে করোনায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন। মহামারীতে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় যারা শনাক্ত হয়েছেন তাদের মধ্যে ৭১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এর মধ্যে ৬৫ জনই ঢাকা জেলার।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ৯৯৩ জন। এ পর্যন্ত ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।
করোনার সংক্রমণ কেমন কমেছে তার একটা সাপ্তাহিক হিসেব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের জানানো তথ্য মতে, গত এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ৪০ শতাংশ এবং মৃত্যু ৮৩ শতাংশ কমেছে।
এই রোববার পর্যন্ত গেল এক সপ্তাহে সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৩ জন। আগের সপ্তাহে সংখ্যাটি ছিল ১১২৩ জন। তার মানে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৪০ দশমিক ১ শতাংশ।
ওই সময়ে ৬ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। সেই হিসেবে সাত দিনে মৃত্যু কমেছে ৮৩ দশমিক ৩ শতাংশ।