চার জেলায় করোনায় মৃত্যু শূন্যের কোঠায়
করোনায় আক্রান্ত হয়ে গত ১৮ মার্চ দেশে প্রথম রোগীর মৃত্যুর পর থেকে সেই তালিকা দিন দিন বাড়ছে। দেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৫৮২ জন মারা গেছেন।
তবে প্রতিদিন এতো রোগীর মৃত্যু হলেও দেশের ৪ জেলায় এখনো কেউ এ ভাইরাসে মারা যাননি। বলতে গেলে ওই চার জেলায় করোনায় মৃত্যু শূন্যের কোঠায়। জেলা চারটি হল- জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম ও সাতক্ষীরা।
মৃত্যু এড়ানোর কারণ বিষয়ে জেলাগুলোর সিভিল সার্জনরা জানান, স্বাস্থ্যবিধি মানা, কঠোরভাবে লকডাউন কার্যকর করা, বাইরের জেলা থেকে আসা মানুষকে দ্রুত শনাক্ত করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও আক্রান্ত রোগীদের ভালোভাবে যত্ন নেয়া। স্থানীয় পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এসব সম্ভব হয়েছে ।
জয়পুরহাট জেলাটিতে মঙ্গলবার পর্যন্ত ২৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ১৬২ জন সুস্থ হয়েছেন। জেলাটিতে ৬৫ শতাংশ রোগী দ্রুত সুস্থ হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলাটিতে মঙ্গলবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮ জন। এদের মধ্যে ৫৭ জনই সুস্থ হয়েছেন। কুড়িগ্রাম এই জেলায় কঠোর লকডাউন মানা হয়েছে। তাই ফলও মিলেছে ভালো। জেলাটিতে এখন পর্যন্ত ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭৭ জন সুস্থ হয়েছেন। সাতক্ষীরা এই জেলায় করোনায় আক্রান্ত ১০৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন।