চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত ১
গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের আলীনগরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শরীফুল ইসলাম শিমুল (২৩) নামে এক যুবক খুন হয়েছে। নিহত শিমুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিলকি-বিদিরপুর মহল্লার কবির হোসেনের ছেলে।
পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের আলীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলা-নিয়ামুল গ্রুপ ও আসিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার রাত ৮টার দিকে আসিক গং প্রতিপক্ষ আলা-নিয়ামুল গ্রুপের উসমান ও শাহজামালকে আলীনগর মহল্লার বাড়ি থেকে ডেকে নিয়ে বাহিরে আনার চেষ্টা করে। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শরীফুল ইসলামের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে সে মারা যায় বলে জানান সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশী টহলের পাশাপাশি এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেন জানান তিনি।