চাঁদপুরে ১ কোটি ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
চাঁদপুরে নৌপুলিশের দুই পৃথক অভিযানে আবারো নিষিদ্ধ কারেন্ট জালের বড় চালান জব্দ করা হয়েছে। এবার জব্দ করা হয়েছে ১ কোটি ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইঞ্জিনচালিত ট্রলার। এ সময় ৬ জনকে আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় চাঁদপুরের হরিণাঘাট এলাকার মেঘনা নদীতে জাটকা নিধনকালে প্রথমে ২ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। এসময় এর সঙ্গে জড়িত ৬ জেলেকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন হোসেন খাঁ (৩০), তানজিল গাজী (২০), হাবিব গাজী (২২), সবুজ মুন্সী (২১), শরীফ বকাউল (২২) এবং আনোয়ার খাঁ (৩৮)। তাদের সবার বাড়ি পাশের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে।
গত মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ২৫০ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩৮ মেট্রিক টন জাটকা জব্দ করা হয়। একইসঙ্গে এসব ঘটনায় জড়িত ২৯০ জন জেলেকে আটক করে কারাদণ্ড এবং ৫০০ জেলেকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল এই দুই মাস নদীতে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময় জাটকা বিক্রয়, পরিবহন ও মজুতও নিষিদ্ধ।