চাঁদ দেখা যায়নি, ঈদ মঙ্গলবার
দেশের কোথাও আজ রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। এবার পুরো ৩০টা রোজা পাচ্ছেন দেশের মুসলমানরা। মঙ্গলবার (৩ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ রোববার (২ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। সেই কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভায় ১৪৪৩ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়।
প্রতিমন্ত্রী ফরিদুল সংবাদ সম্মেলনে বলেন, “রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সেই হিসেবে সোমবার ৩০ রমজান পূর্ণ হবে এবং মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।”
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হবে সোমবার।