চালের বাজারে অভিযান, পালালেন ব্যবসায়ীরা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম মঙ্গলবার দুপুরে যায় রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে। তারা সেখানে যান চালের দাম কেন বাড়ছে তার খোঁজ খবর নিতে। কিন্তু এই টিমের আসার খবর পেয়েই কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরা পালিয়েছেন।
সোমবার মন্ত্রীসভার বৈঠক ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধান-চালের ভরা মৌসুমেও কেন চালের দাম বাড়ছে তা নিয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এরপর আজ মঙ্গলবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে একটি বৈঠক হয়। সেখানে ধান-চালের অবৈধ মুজতের বিরুদ্ধে অভিযান চালাতে আটটি টিমকে আজ থেকে মাঠে নামানোর সিদ্ধান্ত হয়। এই টিম অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম এর ধারাবাহিকতায় কৃষি মার্কেটে অভিযান চালায়। তখন চাল ব্যবসায়ীরা পালিয়ে যান। অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তারের অনুরোধের পরও কেউ দোকানে ফিরে আসেননি। এই অভিযানের সময় মূল্য তালিকায় অসংগতি থাকার অপরাধে দুটি চালের দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
ফাহমিনা আক্তার জানান, তারা এদিন চালের দাম কেন বেড়েছে সেটার খোঁজ নিতে এসেছেন। তাদের আসার খবরে অনেক চাল ব্যবসায়ী দোকান থেকে পালিয়ে যান। পরে তাদের অনেক অনুরোধ করা হলেও দোকানে ফিরে আসেননি।