শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চাকরিহারা এসআইদের অনশনে পুলিশের জলকামান

মোহাম্মদ খাইরুল আমিন • 15 জানুয়ারী 2025, 12:13 দুপুর • 276 বার পঠিত
চাকরিহারা এসআইদের অনশনে পুলিশের জলকামান

চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া অব্যাহতি পাওয়া এসআইদের সরাতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ২টার দিকে তাদের সরিয়ে দেওয়া হয় বলে জানান শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান।

তিনি  বলেন, “তারা ৩০ জনের মত ছিল, পুলিশ ছিল ৬০জন। জল কামান করা লাগে না, তার পরেও হালকা পানি দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।”

আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগের জন্য চূড়ান্ত হওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২১ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে।

চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সমানে কয়েক দফা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তবে তা সুরাহা না হওয়ায় সোমবার রাত থেকে তারা আমরণ অনশন শুরু করেন। এরপর মঙ্গলবার রাতে জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের সরিয়ে দিল পুলিশ।

এদিকে বুধবার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের ৪৭৮ জন ক্যাডেট এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা রয়েছে।

পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভূঞা মঙ্গলবার বলেছেন, এই ব্যাচে মোট ৮২১ জন প্রশিক্ষণ শুরু করলেও ‘গুরুতর অপরাধের’ কারণে ২২ জনকে এবং মাঠে ও ক্লাসে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির অপরাধে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সর্বশেষ ৪৭৮ জন এসআই সমাপনী কুচকাওয়াজে অংশ নিচ্ছে।