চাকরি ফিরে পেতে কাফনের কাপড়ে সড়কে বসে পড়লেন সাবেক বিডিআর সদস্যরা
চাকরিতে পুনর্বহাল, ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাত্রা শুরু করেছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তবে পুলিশি বাধার মুখে তারা শিক্ষা ভবন মোড়ে কাফনের কাপড় গায়ে বসে পড়েন এবং সড়কে অবস্থান নেন।
সোমবার (৭ এপ্রিল) এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী সাবেক সদস্যরা। পুলিশের বাধায় সচিবালয়ে পৌঁছাতে না পারলেও তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভস্থলে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সাঁজোয়া যান ও জলকামান প্রস্তুত রাখা হয়।
একজন আন্দোলনকারী বলেন, "যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। হয় আমরা মরবো, না হয় আমাদের দাবি মানা হবে।"
বিক্ষোভকারীরা জানান, এর আগেও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু কোনো ফল আসেনি। এবার তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে দাবি বাস্তবায়ন চান।