ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল হয়েছে: বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেল নিয়ে বাজারে সংকট তৈরির কারণে খুঁজে পেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সরকারের বিশ্বাসের সুযোগ নিয়েছে। বেশি লাভের আশায় তারা তেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করেছেন। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী।
আজ সোমবার দুপরে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে টিপু মুনশি বলেন, ‘আমরা ব্যবসায়ীদের বিশ্বাস করেছিলাম এটাই আমাদের ব্যর্থতা। বিশ্বাস করা ভুল হয়েছে। মিল মালিকরা কথা রাখলেও খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা পরিস্থিতির সুযোগ নিয়েছে।’
তেলের দাম বাড়ার আসল কারণ জানতে আজ বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকে বসেছিলেন টিপু মুনশি। বৈঠকে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, এস আলম গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, টিকে গ্রুপের পরিচালক শফিকুল আথহার তাসলিম, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘বাজারে সয়াবিন তেলের সংকট কেন তৈরি হলো, আমরা তা খুঁজে পেয়েছি। এই কারচুপি বড় গ্রুপের কেউ করেনি। করেছে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা। যারা কারসাজি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। ডিলারশিপ বাতিল করতে মালিকদের বলেছি। জেলা–উপজেলা পর্যায়ে অভিযান চলবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।’
তিনি জানান, খুচরা ও পাইকারি ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়েছেন তাদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু সমস্যা হলো, এরা সংখ্যায় লাখের ওপর।
পরিস্থিতির কারণে তেলের দাম বেড়েছে। কিন্তু তেলের দাম বাড়া নিয়ে মন্ত্রীর দ্বিমত নেই। কারণ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক বেড়েছে। তাই এটা মেনে নিতে হবে বলে জানান তিনি।
এ মাসের শুরুতে ঈদের আগে বাজার থেকে হঠাৎ সয়াবিন তেল উধাও হয়ে যায়। ঈদের পর ৫ মে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিল মালিকরা বৈঠক করেন। সেদিন নতুন করে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়। ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৮ টাকা করা হয়।