ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের জন্য প্রস্তুত বাংলাদেশ। তবে এ বিষয়ে ভারতের ইতিবাচক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার আসন্ন চীন-থাইল্যান্ড সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, "যেকোনো দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠককে আমরা গুরুত্ব দিয়ে দেখি। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। এটি অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সম্পর্কে যে স্থবিরতা তৈরি হয়েছে, তা কেটে যাওয়ার সম্ভাবনা আছে।"
তিনি আরও বলেন, "আমাদের দিক থেকে বলতে পারি, আমরা এই বৈঠকের জন্য প্রস্তুত। এখন ভারতের ইতিবাচক জবাবের অপেক্ষায় আছি।"
দিল্লি কি প্রস্তুত?
ইউনূস-মোদির বৈঠকের জন্য ঢাকা প্রস্তুত, তবে দিল্লি কি প্রস্তুত নয়—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, "দিল্লি প্রস্তুত কি না, সেটা দিল্লিই বলতে পারবে। আমরা এই বৈঠকের অপেক্ষায় থাকব।"
সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউনূস-মোদির বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশের কূটনৈতিক মহল মনে করছে, ৫ আগস্টের পর থেকে দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন দেখা দিয়েছে, তা প্রশমিত করতে এই বৈঠক ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
আগামী ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ৩ এপ্রিল ব্যাংকক যাবেন ড. মুহাম্মদ ইউনূস। ৪ এপ্রিল সম্মেলনে যোগ দেবেন বিভিন্ন দেশের সরকারপ্রধানরা।