শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বুয়েট শিক্ষার্থী "আবরার ফাহাদ" হত্যার সাক্ষ্য গ্রহণ শুরু

অনলাইন নিউজ পোর্টাল • 06 অক্টোবর 2020, 06:17 সকাল • 955 বার পঠিত
বুয়েট শিক্ষার্থী "আবরার ফাহাদ" হত্যার সাক্ষ্য গ্রহণ শুরু

এক বছর আগে সহপাঠী শিক্ষার্থীদের হাতে জীবন দিতে হয়েছিল বুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ রাব্বিকে।

ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত সন্দেহে বুয়েট শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী আবরারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পিটিয়ে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের পর বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনের মুখে বুয়েটে নিষিদ্ধ করা হয় ছাত্র রাজনীতিও।

 
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটে ২০১৯ সালের ৬ অক্টোবর দিনগত রাতে। সেই ঘটনার বছর ঘোরার আগেই এই হত্যাকাণ্ডে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর চার্জশিটভুক্ত ২৫ আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। সোমবার (০৫ অক্টোবর) আবরারের বাবা ও এই ঘটনায় হওয়া মামলার বাদী বরকতউল্লাহর জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
 
জবানবন্দিতে আবরার ফাহাদের বাবা বলেছেন, আসামিরা আমার ছেলে আবরার ফাহাদ রাব্বিকে প্রায় ছয় ঘণ্টা ধরে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার চাই।

 

আবরার ফাহাদ হত্যা মামলার বিচার হচ্ছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত এই মামলার ধারাবাহিক সাক্ষ্যগ্রহণের দিন ধার্য আছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট প্রসিকিউশন প্যানেল গঠন করা হয়েছে। তারা হলেন-চিফ পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, স্পেশাল পাবলিক প্রসিকিউটর এহসানুল হক সমাজী ও আবু আব্দুল্লাহ ভূঁঞা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা শেষ করার যে আইনগত সময়ের বাধ্যবাধকতা রয়েছে তার মধ্যেই বিচারটি শেষ হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে।