বুরুন্ডির একটি কারাগারে ভয়াবহ আগুনে ৩৮ জনের মৃত্যু
বুরুন্ডির রাজধানী গিটেগারে একটি কারাগারে ভয়াবহ আগুনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো অন্তত ৬৯ জন। ৭ ডিসেম্বর স্থানীয় সময় সকালে হঠাৎ করেই কারাগারটিতে আগুন লাগে এবং মুহূর্তেই তা কারাগারের বেশিরভাগ অংশে ছড়িয়ে পড়ে।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ৪০০ জন ধারণক্ষমতার এই কারাগারে প্রায় ১ হাজার ৫০০ বন্দি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারাগারে যখন আগুন লাগে তখনও অনেক বন্দি ঘুমিয়ে ছিলেন। কেউ কেউ ছাদ দিয়ে নেমে জীবন বাঁচাতে সক্ষম হয়েছেন। ঘটনার পর প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভবনের অনেক কিছুই পুড়ে গেছে এবং আকাশের দিকে ক্রমাগত ধোঁয়া উড়ছে।
বুরুন্ডির ভাইস প্রেসিডেন্ট প্রসপার বাজোমবানজা এরই মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের কাছে ৩৮ জন নিহিত ও ৬৯ জনের গুরুতর আহত হওয়ার খবর জানান। তাদের মধ্যে ২৬ জন দগ্ধ এবং ১২ জন শ্বাসরোধ হয়ে মারা গেছেন।
বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, যারা দায়িত্বে ছিল ঘটনার সময় তাদের কাছে কারাগারের কিছু অংশের চাবি ছিল না।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, পুরোনো এ কারাগারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
পুলিশ সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছাতে সক্ষম হয়নি। ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি আসে আগুন লাগার দুই ঘণ্টা পরে। সে কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।