বুধবার থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহন। আগামী বুধবার (৩১ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে সব পরিবহন শ্রমিক ইউনিয়ন, চালক ও হেলপারদের জানিয়ে দেওয়া হয়েছে।
তবে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করায় আগের মতো ৬০ শতাংশ বেশি ভাড়া বহন করতে হবে যাত্রীদের। এ সংক্রান্ত সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
জানা গেছে, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্প্রতি গণপরিবহনে ২০২০ সালের মতো ৫০ শতাংশ যাত্রী বহনের সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই সুপারিশ অনুযায়ী সরকার পরিবহন খাতের সংশ্লিষ্টদের ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেয়। সেই অনুযায়ী আগামী বুধবার থেকে দেশের সব গণপরিবহন ও দূরপাল্লার বাস ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। তবে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করায় ফের আগের মতোই বেশি ভাড়া গুণতে হবে যাত্রীদের।