বরিশালে কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি
বরিশালের গৌরনদী উপজেলার একটি কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি হয়ে গেছে। এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে ভোরের মধ্যে যেকোনো সময়ে। শুক্রবার সকালে তা মানুষের চোখে পড়ে।
গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝিবাড়ির পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটেছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, মাঝিবাড়ির পারিবারিক কবরস্থান থেকে ৫ জন পুরুষ ও ২ জন নারীর কংকাল চুরি হয়ে গেছে। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জানা গেছে যে সাতজনের কঙ্কাল চুরি হয়েছে তার মধ্যে রয়েছে ৪ বছর আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝি, ৮ বছর আগে মারা যাওয়া মুন্নী বেগম, ৭ বছর আগে মারা যাওয়া মতু মাঝি, ৬ বছর আগে মারা যাওয়া মিরাজ মাঝি, ৩ বছর পূর্বে মারা যাওয়া লকু মাঝি ও ৪ মাস আগে মারা যাওয়া রাশিদা বেগমের কঙ্কাল।