শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বরিশালে ই-কমার্স প্রতারণার মামলায় স্বামী-স্ত্রী ও ছেলেকে গ্রেফতার

অনলাইন নিউজ পোর্টাল • 06 অক্টোবর 2021, 07:29 বিকাল • 215 বার পঠিত
বরিশালে ই-কমার্স প্রতারণার মামলায় স্বামী-স্ত্রী ও ছেলেকে গ্রেফতার

বরিশালের এয়ারপোর্ট থানার বিল্ববাড়ী এলাকা থেকে ই-কমার্স প্রতারণার মামলায় স্বামী-স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন বিএমপি কাউনিয়া থানাধীন কাগাশুরা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোসা. শাহিনুর বেগম (৪৩), তার স্বামী আমিনুল ইসলাম সুমন মোল্লা (৩৬) ও তাদের ছেলে শাহারিয়ার ইসলাম শাকিল (১৭)।

বুধবার দুপুরে এয়ারপোর্ট থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার।

তিনি জানান, কাগাশুরায় বারেক শেখ সুপার মার্কেটে ‘বন্ধু জন ফার্নিচার মেলা এন্ড ভ্যারাইটিজ স্টোর’ নামের একটি দোকান খুলে ঐ তিনজন গত এক বছর ধরে ফার্নিচার-গ্রোসারিসহ অন্যান্য মালামাল কম মূল্যে এবং কিস্তির মাধ্যমে দেওয়ার প্রলোভন দেয়। তাদের ফাঁদে পা দেন দেড় হাজারের বেশি মানুষ। ভুক্তভোগীদের কাছ থেকে ৩০ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়ে পণ্য না দিয়ে গত তিন মাস পালিয়ে বেড়াচ্ছিল তারা।

এ ঘটনায় প্রতারণার শিকার পূর্ববিল্ববাড়ী গ্রামের ইউসুফ হাওলাদারের স্ত্রী লাইলী আক্তার তিনজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

উপ-কমিশনার জকির হোসেন মজুমদার জানান, সোমবার রাতে শাহিনুর বেগম, আমিনুল ইসলাম সুমন মোল্লা ও শাহারিয়ার ইসলাম শাকিল পূর্ববিল্ববাড়ী হারুনের দোকানের সামনে গেলে প্রতারণার শিকার গ্রাহকরা তাদের টাকা ফেরত চায়। ঐ সময় তারা পালাতে চাইলে ভুক্তভোগীরা তাদের আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর তাদের লাইলী আক্তারের মামলায় গ্রেফতার দেখিয়ে স্বামী-স্ত্রীকে আদালতে সোপর্দ ও ছেলেকে সমাজসেবা অফিসের প্রবেশন অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে।