বরিশালে আগ্নেয়াস্ত্র ও বিদেশি মুদ্রাসহ দুর্ধর্ষ ডাকাত আটক
বরিশালের মেহেন্দিগঞ্জে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিদেশি মুদ্রাসহ এক দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বুধবার কোস্টগার্ড সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জ যৌথভাবে মেহেন্দিগঞ্জ থানার দড়ির চর খাজুরিয়া এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ২৯ বছর বয়সী ডাকাত নাইমকে আটক করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক নাইম বরিশালের মেহেন্দিগঞ্জ থানার দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক নাইম ও জব্দকৃত আলামত মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।