বরিশালে ৩০ মণ ওজনের বৃহদাকৃতির `কালাবাবু`
অনলাইন নিউজ পোর্টাল
•
30 জুন 2021, 03:57 দুপুর
•
296 বার পঠিত
কোরবানি উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাড়া ফেলেছে ফ্রিজিয়ান জাতের বিশাল আকারের গরু ‘কালা বাবু’। দৈর্ঘে ৮ ফুট ও উচ্চতায় ৭ ফুটের এ গরুর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। খবর পাওয়া মাত্রই গরুটিকে দেখতে ছুটে আসছে শত শত মানুষ। কেউ কেউ ছবিও তুলছে।
‘কালা বাবু’র মালিক আমিনুল ইসলাম শিকদার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একজন পশু খামারি। দীর্ঘদিন আদর-যত্নে লালন পালন করেছেন গরুটিকে। গায়ের রং কালো ও স্বাস্থ্যবান হওয়ায় ৩০ মণ ওজনের গরুটির নাম রেখেছেন ‘কালা বাবু’।
খামারি আমিনুল ইসলাম জানান, সাড়ে চার বছর আগে তার ভাই সুমন শিকদারের খামারে কালো রঙের গরুটির জন্ম হয়। সাড়ে সাত মাস বয়সে ভাইয়ের কাছ থেকে গরুটি কিনে নেন তিনি। এরপর শুধু দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালনপালন করেছেন। নাম শুনে রাগী ও হিংস্র মনে হলেও আসলে ‘কালা বাবু’ খুবই শান্ত প্রকৃতির।