ব্রাজিলে পুলিশ ও মাদক কারবারিদের গোলাগুলির ঘটনায় ২৫ জন নিহত
ব্রাজিলের পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছেন। গত বৃহস্পতিবার দেশটির রিওডি জেনিরো শহরে এ ঘটনা ঘটে।
জাকারেজিনহো এলাকার একটি বস্তিতে এই সংঘর্ষ হয়। পুলিশের কাছে খবর ছিল যে সেখানে মাদক কারবারিরা শিশুদের তাদের দলে অন্তর্ভুক্ত করছে। এই খবর পেয়ে পুলিশ সাদা পোশাকে সেখানে অভিযান চালায়। পরে মাদক কারবারিরা হামলা চালালে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় গোলাগুলি চলে।
গোলাগুলির মধ্যে পড়ে একটি মেট্রো ট্রেনের দুই যাত্রী গুলিবিদ্ধ হন। তবে তারা প্রাণে বেঁচে গেছেন। রিওডি জেনিরোর পুলিশ জানায়, গুলিতে তাদের এক সদস্য মারা গেছেন।
পুলিশ যে অপরাধচক্রকে টার্গেট করে অভিযানে নেমেছিল, সেটি মাদক পাচার, খুন ও অপহরণে জড়িত। ব্রাজিলের সহিংসতাপূর্ণ রাজ্যের মধ্যে রিওডি জেনিরো অন্যতম। রাজ্যের কেন্দ্রীয় শহরের বিশাল এলাকা অপরাধীদের নিয়ন্ত্রণে। তাদের অনেকেই শক্তিশালী মাদক পাচারকারী চক্রের সঙ্গে সম্পৃক্ত।