ব্রাহ্মণবাড়িয়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর অংশের বুধন্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ আহতদের পরিচয় তখন জানাতে পারেনি। এই দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সিলেট থেকে এনা পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। সেটি বুধন্তী এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে করে দুই বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এই দুর্ঘটনার পর এনা পরিবহনের বাসটি মহাসড়কের পাশে হেলে পড়ে। দিগন্ত পরিবহনের বাসটি মহাসড়কের ওপর অচল হয়ে পড়ে থাকে। তাতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ বাস দুটি উদ্ধার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ বাস দুটি জব্দ করেছে। তবে দুই বাসেরই চালক ও তাদের সহকারীরা পালিয়ে গেছেন।