শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৈঠকে শিক্ষার্থী-ব্যবসায়ী সমঝোতা, খুলছে নিউ মার্কেট

মোহাম্মদ খাইরুল আমিন • 21 এপ্রিল 2022, 05:15 সকাল • 258 বার পঠিত
বৈঠকে শিক্ষার্থী-ব্যবসায়ী সমঝোতা, খুলছে নিউ মার্কেট

দুদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সমাধানে পৌঁছেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে টানা চার ঘণ্টা চলা বৈঠকে আসা এই সমাধানের কথা জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ। 

আসলে এটা সমঝোতা। ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ ছাত্র-ব্যবসায়ীদের বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেট এলাকার সব মার্কেটের সব দোকানপাট খুলবে। ওদিকে ঢাকা কলেজের ছাত্রদের ছুটির মধ্যে হলে থাকার বিষয়টি কি হবে কি হবে না সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

তিনি দাবি করেছেন, দুদিন ধরে চলা দুই পক্ষের এই সংঘর্ষের পেছনে তৃতীয় পক্ষের উসকানি। পুলিশ জানিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে বিষয়টি তারা তদন্ত করে পদক্ষেপ নেবে। 

আজ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভা কক্ষে দুই পক্ষের বৈঠক হয়। সেখানে ব্যবসায়ী পক্ষের নেতারা ছিলেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ছিল ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। ছিলেন কলেজ শিক্ষকরা। আরো ছিলেন পুলিশের উপমহা পরিদর্শক পদমর্যাদার একজনসহ কয়েকজন কর্মকর্তা ছিলেন। বৈঠকের মূল ভূমিকায় ছিলেন নেহাল আহমেদ।

সোমবার রাতে নিউ মার্কেট এলাকার দোকানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা হয়। তা নিয়ে সে রাতে প্রায় আড়াই ঘণ্টা দোকান কর্মচারী-ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কিন্তু পরদিন মঙ্গলবার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সকাল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। সারাদিন যান চলাচল বন্ধ থাকে। এলাকার সব মার্কেট বন্ধ থাকে। এই সংঘর্ষে দুই পক্ষের অনেকে আহত হন। নাহিদ হোসেন নামের এক পথচারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

সংঘর্ষ থামাতে ঢাকা কলেজ কৃর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে কলেজ ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে। বিকেলের মধ্যে ছাত্রদের আবাসিক হল খালি করে দিতে বলে। কিন্তু শিক্ষার্থীরা কলেজের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্রাবাসে থেকে যান।

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ৭ কলেজের শিক্ষার্থীরা সংহতি ঘোষণা করেন। কিন্তু বুধবার সকাল থেকে নিউ মার্কেট এলাকার পরিস্থিতি ছিল স্বাভাবিক। বিকেল ৩টার দিকে মার্কেটও খুলতে শুরু করে। কিন্তু বিকেল ৫টার আগে ওই এলাকায় ডজনখানেক হাতবোমা বিস্ফোরিত হয়। এরপর আবার দোকানপাট বন্ধ হয়ে যায়।