বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানালেন ডা. শফিকুর রহমান
২৬ ফেব্রুয়ারি পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গডমাদার, ফ্যাসিবাদী আর মাফিয়াদের বাংলাদেশ চাই না। আমরা চায় বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। মেজরিটি, মাইনোরিটি জানিনা। এদেশে জন্ম নেওয়া সবাই গর্বিত নাগরিক। আমরা ধর্ম-বর্ণের নামে ভাগ করতে চায় না। যে জাতি বিভক্ত সে জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
তিনি ১৯৭২ থেকে ২০২৫ পর্যন্ত সকল অন্যায়ের জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় বীরদের গর্জে উঠার আহ্বান জানান।
তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে এমন শিক্ষা ব্যবস্থা চালু করবেন যাতে কেউ বেকার না থাকে, চাকরির নিশ্চয়তা পায়, এবং নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
তিনি আবারও বলেন, যদি সুযোগ পাই তাহলে পঞ্চগড়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন। বাংলাদেশ-চীনের বেসরকারি উদ্যোগে পঞ্চগড়ে একটি হাসপাতাল স্থাপনের কাজ আবার শুরু করার আহ্বান জানান।
জনসভায় জেলা ও কেন্দ্রীয় জামায়াত নেতৃবৃন্দসহ জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বক্তব্য রাখেন।