বৈরুতের বিস্ফোরণে কাঁপলো ভূমধ্যসাগরের ছোট্ট দ্বীপ সাইপ্রাস
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুত। মঙ্গলবার বিকেলে ওই বিস্ফোরণে মুহূর্তেই আগুন ধরে যায়। এ ঘটনায় আশপাশের বাড়িঘর উড়ে যায়। চারপাশ যেন ধ্বংসস্তুপে পরিণত হয়। এই বিস্ফোরণে কেঁপেছে লেবানন থেকে অনেক দূরের একটি দ্বীপ দেশ।
লেবাননের বিস্ফোরণ স্থল বৈরুতের বন্দর থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় ২৪০ কিলোমিটার। ভূমধ্যসাগরের এই ছোট্ট দ্বীপে সাইপ্রাসও লেবাননের বিস্ফোরণের আঁচ লেগেছে। এ থেকেই বৈরুত বন্দরে বিস্ফোরণের তীব্রতা ধারণা করা যায়। ভূমধ্যসাগরের তীরবর্তী ২২টি দেশের মধ্যে অন্যতম ইউরোপের অন্তর্গত সাইপ্রাস। এই দ্বীপরাষ্ট্রের পূর্ব দিকে সবচেয়ে কাছেই লেবানন।
মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাসে সেই তীব্রতার কিছুটা অনুভব করা গিয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আমরা সাইপ্রাস থেকে এই বিস্ফোরণের তথ্য হাতে পেয়েছি। জানা গেছে, বৈরুতের বিস্ফোরণের ঘটনায় সাইপ্রাসে ভবনের জানালা কেঁপে উঠেছে।