শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বৈরী আবহাওয়ায় বন্ধ নৌযান, সেন্ট মার্টিনে তীব্র খাদ্যসংকট

ওএনপি২৪ নিউজ ডেস্ক • 26 জুলাই 2025, 08:06 রাত • 238 বার পঠিত
বৈরী আবহাওয়ায় বন্ধ নৌযান, সেন্ট মার্টিনে তীব্র খাদ্যসংকট

টানা তিন দিন বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপ সেন্ট মার্টিনে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সংকট।

টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া খালে নৌযান চলাচল বন্ধ থাকায় সার্ভিস ট্রলারগুলো নোঙর করে রাখা হয়েছে। এদিকে অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে এক থেকে তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এর ফলে দ্বীপের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে শতাধিক বসতঘরে লবণাক্ত পানি ঢুকে পড়েছে। এতে আতঙ্কে রয়েছে দ্বীপের প্রায় সাড়ে ১১ হাজার বাসিন্দা।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, জোয়ারের পানির চাপে বাড়িঘরে পানি ঢুকেছে এবং অনেক এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সেন্ট মার্টিন বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, নৌযোগাযোগ বন্ধ থাকায় বাজারে চাহিদার তুলনায় পণ্য কমে এসেছে। কয়েক দিনের মধ্যে যদি টেকনাফ থেকে পণ্য না পৌঁছায়, তবে সংকট আরও তীব্র হবে। তিনি জরুরি ভিত্তিতে সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালুর দাবি জানিয়েছেন।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যাতায়াত চালু করা হবে।”