শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বন্যার্তদের সীমাহীন দুর্ভোগ

অনলাইন নিউজ পোর্টাল • 05 সেপ্টেম্বর 2021, 10:13 দুপুর • 301 বার পঠিত
বন্যার্তদের সীমাহীন দুর্ভোগ

দেশের চলমান বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে ১৫টি জেলার বিস্তীর্ণ অঞ্চল। বানের স্রোতে রাস্তাঘাট ও ব্রিজ ভেঙে যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সাথে নদী ভাঙনে ঘরবাড়ি জায়গা জমি সব হারিয়ে নিঃস্ব মানুষ আশ্রয়ের খোঁজে উঁচু বাঁধের দিকে ছুটছে। অনেকেই আবার মাঁচা তৈরি করে নির্ঘুম রাত কাটাচ্ছেন। কেউ কেউ নৌকাতে ভাসমান জীবন কাটাচ্ছেন। অনেকে বন্যামুক্ত এলাকায় স্বজনদের বাড়িতে ঠাঁই নিচ্ছে। চলতি বন্যায় প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসিদের কষ্টের সীমা নেই। তাদের পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। ত্রাণের জন্য চলছে হাহাকার। ১০ বার দিন ধরে পানিবন্দি থাকলে অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি। অসহায় বানভাসিদের দেখার কেউ নেই।

টাঙ্গাইলে ১০ দিন ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন প্রায় দুই লাখ মানুষ। এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পৌঁছেনি এই বানভাসি মানুষের কাছে। জেলার ভূঞাপুর উপজেলায় তলিয়ে গেছে রাস্তাঘাট। রাস্তাগুলো ভেঙে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এছাড়া বন্যার পানিতে টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ায় উলিপুর, চিলমারী, রৌমারী ও চররাজিবপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বসতভিটায় পানি প্রবেশ করায় লোকজন বাড়িঘর ছেড়ে বাঁধ ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। তৃণভ‚মি তলিয়ে যাওয়ায় গবাদিপশুর খাদ্যেরও তীব্র সংকট দেখা দিয়েছে। সিরাজগঞ্জে ৫টি উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দূর্বিষহ জীবনযাপন করছে।