বন্যাকবলিত এলাকায় সব ব্যাংক বন্ধ
বন্যা পরিস্থিতির প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। এবার ব্যাংকিং সেবা খাতেও এর প্রভাব পড়ল। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকাগুলোতে সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এর সঙ্গে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকায় সেবা দিতে না পারলেও নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনায় বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্যান্য কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ব্যাংকের যে সব শাখা বা উপশাখা বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সে সব বন্ধ রেখে গ্রাহকদের নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরো বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদের সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংকিং সেবা দেওয়ার ব্যবস্থা নিতে হবে।