বঙ্গোপসাগর থেকে ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কক্সবাজারের টেকনাফের ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে এবং রাত ১২টা পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হয়নি।
জেলে ও ট্রলার মালিক সমিতির তথ্য
জেলে ও ট্রলার মালিক সমিতির তথ্যানুযায়ী, যে ছয়টি ট্রলার ধরে নিয়ে যাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে মোহাম্মদ শফিকের দুটি, বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের একটি করে ট্রলার। এসব ট্রলারে মোট ৫৬ জন জেলে ছিলেন, যাদের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, সেন্টমার্টিনের দক্ষিণে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগর থেকে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া ও মিস্ত্রি পাড়ার ছয়টি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। রাত ১২টা পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।
সাগর থেকে ফিরে আসা জেলেদের বরাতে শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, ‘‘দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে মাছ ধরার সময় আমার মালিকানাধীন একটিসহ ছয়টি ট্রলার আটক করে আরাকান আর্মি। ছয়টি ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা ছিলেন। বিষয়টি আমরা বিজিবি ও কোস্টগার্ডকে জানিয়েছি।’’
প্রশাসনের বক্তব্য
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বলেন, ‘‘ছয়টি ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে কথা হয়েছে। তাদের ফেরত আনার কাজ চলছে।