বঙ্গবন্ধু টানেল টিউবের ভেতর তৈরি হচ্ছে সড়ক
কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম বঙ্গবন্ধু টানেলের ভেতর সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে স্থাপন করা প্রথম টিউবের ভেতর এই সড়ক তৈরি করা হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুনুর রশিদ জানান, প্রথম টিউবের ভেতরে পতেঙ্গা অংশে আরসিসি ঢালাই দিয়ে ইন্টারনাল স্ট্রাকচারের কাজ চলছে। এর উপর দিয়েই চলবে গাড়ি।
তিনি বলেন, প্রথম টিউবের ভেতর ইন্টারনাল স্ট্রাকচার তৈরির পাশাপাশি আনোয়ারা থেকে পতেঙ্গা প্রান্তে টিবিএম মেশিন দিয়ে দ্বিতীয় টিউব বোরিং এর কাজ পুরোদমে চলছে। ইতোমধ্যে প্রায় ২২৪ মিটার বোরিং কাজ শেষ হয়েছে দ্বিতীয় টিউবের।
প্রকল্প পরিচালক বলেন, সব মিলিয়ে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের ৬৩ দশমিক ৫০ ভাগ কাজ শেষ করেছি আমরা। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে আমাদের প্রকৌশলী, কর্মকর্তা, শ্রমিকরা রাতদিন কাজ করছেন।
চীনের সাংহাই শহরের আদলে বন্দরনগর চট্টগ্রাম শহরকে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে গড়ে তুলতে নগরের পতেঙ্গা ও দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারার মধ্যে সংযোগ স্থাপনে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেলের নির্মাণকাজ উদ্বোধন করেন।