বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে প্রতারণা, ২ জন গ্রেপ্তার
বঙ্গবন্ধু পরিবারের বিভিন্ন সদস্যের নাম ভাঙাতেন তারা। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরও নাম ভাঙিয়ে করতেন প্রতারণা। তিন বছর ধরে প্রতারণা করে আসছিল এমন একটি চক্র। সেই চক্রের মূল হোতা আর তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বুধবার র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
তিনি জানান, এই প্রতারক চক্রের মূল হোতা মনসুর আহমেদ এবং তাঁর অন্যতম সহযোগী মো. মহসিনকে রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করেছে র্যাব। জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে র্যাবের যৌথ অভিযানে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় তাদের।
এই চক্র বিভিন্ন ঠিকাদারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দিত। এভাবে তারা প্রচুর টাকা হাতিয়ে নিত। র্যাব জানায়, গত তিন বছরে তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অন্তত ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
খন্দকার আল মঈন জানান, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রে পাঁচ থেকে সাতজন সদস্য রয়েছে। চক্রের প্রধান মনসুর।
তিনি জানান, এই চক্র প্রতারণার নিত্য নতুন কৌশল ব্যবহার করত। তারা কখনো নতুন নতুন সিম কিনে বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে সেভ করত। এছাড়া চক্রের সদস্যদের বিভিন্ন মোবাইল নম্বর চক্রের মূল হোতা ও সহযোগীর মোবাইলে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নাম ও ছবি দিয়ে সেভ করা হতো। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারে চ্যাট করত। এটা এমনভাবে করতো যাতে যে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান মনে করে এর আগে তারা অর্থের বিনিময়ে অনেককে অনেক কাজ পাইয়ে দিয়েছে এবং তাদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের খুবই সুসম্পর্ক রয়েছে।