শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বনের জমির প্রতি চার মামলার একটিতে হার

অনলাইন নিউজ পোর্টাল • 21 মার্চ 2021, 10:22 দুপুর • 639 বার পঠিত
বনের জমির প্রতি চার মামলার একটিতে হার

বনের জমি নিয়ে যতগুলো মামলার রায় হয়েছে, তার ২৪ শতাংশে হেরেছে বন বিভাগ। এর মানে হলো, প্রতি চারটি মামলার একটিতে হারতে হয়েছে বন বিভাগকে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া বন বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কমিটি মনে করে, মামলায় বন বিভাগের হেরে যাওয়ার হার উদ্বেগজনক। গাফিলতি বা যথাযথ তদারকির অভাবেই বন বিভাগ অনেক মামলায় হারছে।

বন বিভাগ মামলায় হারের কারণে দেশের বনভূমি বেহাত হয়। বন বিভাগের হিসাবে দেশে প্রায় ২ লাখ ৫৭ হাজার একর বনভূমি অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে বড় অংশ সংরক্ষিত বনের জমি। বনের জমি দখল করে তৈরি করা হয়েছে পর্যটনকেন্দ্র ও শিল্পকারখানা। এ ছাড়া ঘরবাড়ি নির্মাণ ও কৃষিকাজও করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ রোববার পালিত হবে আন্তর্জাতিক বন দিবস। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন এ দিনকে বন দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবারের প্রতিপাদ্য ‘বন পুনরুদ্ধার: উত্তরণ ও কল্যাণের পথ’।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার প্রথম আলোকে বলেন, বন বিভাগ কেন মামলায় হেরে যাচ্ছে, আইনজীবীর কোনো গাফিলতি আছে কি না বা ইচ্ছাকৃতভাবে মামলা হারছে কি না, মন্ত্রণালয় তা খতিয়ে দেখবে। ইতিমধ্যে এসব বিষয় পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, মামলায় হারার চিত্র সব জায়গায় এক রকম নয়। একটি নির্দিষ্ট অঞ্চলে হেরে যাওয়া মামলার সংখ্যা বেশি। সেখানে মামলাও বেশি।

 

কত মামলা, কয়টিতে হার

বন বিভাগের প্রতিবেদন অনুযায়ী বনের জমি নিয়ে ২ হাজার ৯৪৭টি মামলা চলছে। গত বছরের ৩০ অক্টোবর পর্যন্ত রায় হয়েছে মোট ২ হাজার ৩৩৬টিতে। বন বিভাগ হেরেছে ৫৫৭টি মামলায়। আর জয়ী হয়েছে ১ হাজার ৭৭৯টিতে। এই মামলা মূলত ফরেস্ট সেটেলমেন্ট আদালতে হওয়া। আইনে ফরেস্ট সেটেলমেন্ট কর্মকর্তাকে দেওয়ানি আদালতের এখতিয়ার দেওয়া হয়েছে।

বন বিভাগ সূত্র জানায়, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা; সামাজিক বন বিভাগ, রাজশাহী; সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা; কক্সবাজার উত্তর বন বিভাগ, কক্সবাজার; কক্সবাজার দক্ষিণ বন বিভাগ; ময়মনসিংহ বন বিভাগ; টাঙ্গাইল বন বিভাগ ও সিলেট বন বিভাগ—এই আট বিভাগে মামলাগুলো হয়।