শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ব্লগার রাজীব হত্যায় দণ্ডিত আনসারুল্লাহ প্রধান জসীম জামিনে মুক্ত

মোহাম্মদ খাইরুল আমিন • 26 আগস্ট 2024, 04:57 দুপুর • 265 বার পঠিত
ব্লগার রাজীব হত্যায় দণ্ডিত আনসারুল্লাহ প্রধান জসীম জামিনে মুক্ত

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার সোয়া ১১টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে জানান ডেপুটি জেলার রেজাউল করীম।

তিনি বলেন, “জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে।”

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার পলাশনগরে নিজ বাড়ির সামনে স্থপতি আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাজীবের বাবা পল্লবী থানায় মামলা করেন।

রাহমানীকে ২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার করা হয়। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

পাশাপাশি তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ মোট চারটি মামলা হয়।

কারাগার সূত্রে জানা যায়, রাহমানীর বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গতকাল আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়।অন্য মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।