বজ্রপাতে দেশের বিভিন্নস্থানে কয়েক জনের মৃত্যু
সিরাজগঞ্জে বৃষ্টি ও ঝড়ের মধ্যে বজ্রপাতে চারজন ও ফেনীতে দুই ভাই বোন মারা গেছে। একইসাথে নোয়াখালীর হাতিয়ায়, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ, মানিকগঞ্জের ঘিওর ও বরিশালের উজিরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় রোববার বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো কয়েকজন।
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর গ্রামে বজ্রপাতে এক কিশোরী ও এক শিশুর মৃত্যু হয়েছে। ঘর থেকে বের হয়ে আরেক ঘরে যাওয়ার পথে বাড়ির উঠানেই তারা বজ্রপাতের শিকার হন। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
এলাকাবাসী জানায়, রোববার সকাল ১০টার দিকে ভারী বৃষ্টি হচ্ছিল। একইসময় বজ্রপাতও হচ্ছিল। আলমপুর গ্রামের অনু ফরাজী বাড়ির মোহাম্মদ সোলেমান প্রকাশের মেয়ে সাজেদা আক্তার সাথী (১৫) ও চরসাহাভিকারী গ্রামের মোহাম্মদ বাহার মিয়ার ছেলে আলামিন (৬) ঘর থেকে বের হয়ে আরেক ঘরে যাওয়ার পথে বাড়ির উঠানেই লুটিয়ে পড়েন।
সাথী স্থানীয় কাটাখিলা সামাদিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ও আলামিন তার ফুফাতো ভাই। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একই পরিবারের দুই শিশু-কিশোরের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।