বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণ
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি হচ্ছে। এতে অনেকেই প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে সারাদেশে আগামী পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের পূর্বাঞ্চলে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতরের হিসাবে, আজ ঢাকায় ১৬ মিলিমিটার, চট্টগ্রামে ৯৮ মিলিমিটার, সিলেটে ২ মিলিমিটার, রাজশাহীতে ১০ মিলিমিটার, খুলনায় ৯ মিলিমিটার ও বরিশালে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে রংপুরে সামান্য এবং ময়মনসিংহে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।