বিশ্বের ত্রাণ কর্মীরা ২০১৯ সালে রেকর্ড পরিমাণ হামলার শিকার
বিশ্বজুড়ে ত্রাণ কর্মীদের ওপর রেকর্ড পরিমাণে হামলা হয়েছে ২০১৯ সালে। সারা বিশ্বে ২৭৭টি বড় হামলার শিকার হয়েছেন তারা। একটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯ সালে প্রায় ৪৮৩ জন কর্মী বিভিন্ন হামলায় নিহত, অপহৃত বা আহত হয়েছেন। ১৯৯৭ সালের পর থেকে ২০১৯ সালে সর্বোচ্চ হামলার রেকর্ড এটি।
এই পরিসংখ্যানের প্রতিক্রিয়ায় নরওয়ের শরণার্থী কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান এজল্যান্ড বলেন, অতি প্রয়োজনের সময় অরক্ষিত নাগরিকদের সহায়তা করার ক্ষমতা একটি সভ্যতার লক্ষণ। এটি আন্তর্জাতিক আইনের অধীনে পরে। তবে আমরা লক্ষ্য করছি যে, সহায়তা করার সময়ে আমাদের অনেক সহকর্মী নিহত, অপহৃত বা আহত হচ্ছেন। এসব কর্মীদের সুরক্ষিত না করা হলে জীবনযাত্রা হ্রাস পাবে।
যদিও নিহতের সংখ্যা সামান্য হ্রাস পেয়েছে তবে আহতের ঘটনা সার্বিকভাবে বেড়েছে। এক বছর আগে নিহতের সংখ্যা ছিলো ১৩১ জন। সংখ্যাটি কমে ১২৫ এ নেমেছে। এইড ওয়ার্কার সিকিউরিটি রিপোর্ট বিশ্লেষণ করে জানা গেছে, ২০১৯ সালে স্বাস্থ্যকর্মীদের প্রাণহানির ঘটনা ৪০ শতাংশেরও বেশি। রিপোর্টটি চলতি মাসের শেষদিকে প্রকাশ করা হতে পারে।
সিরিয়ায় সবচেয়ে বেশি স্বাস্থ্য কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। স্বাস্থ্য কর্মীদের জন্য সবচেয়ে সহিংস দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে এই দেশকে। গত বছরে দেশটিতে স্বাস্থ্য কর্মীদের ওপর ৪৭ বার হামলা চালানো হয়েছে যাতে ৩৭ জন নিহত হয়েছেন। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতেও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশটিতে মানবতাবাদী কর্মীদের ওপর হামলার সংখ্যা সর্বাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। কঙ্গোতে গত বছর ২৭টি সহিংস ঘটনার রেকর্ড করা হয়েছে।